“দেশের উপর বিদেশীদের নজর আছে আমরা তা কাটিয়ে উঠতে চাই”-ফেনীতে জাসদ নেত্রী শিরীন আখতার
ফেনী প্রতিনিধি : ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেছেন,
নির্বাচন নিয়ে বিদেশীদের তৎপরতা আছে। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে সুন্দর ভাবে যাতে নির্বাচন হয় তারা সে ব্যবস্থার দাবি জানিয়েছে। এসমস্ত কোন ব্যাপারেই আমাদের দ্বিমত নাই। নির্বাচন নিয়ে বিদেশীদের নজর আছে আমরা তা কাটিয়ে উঠতে চাই। আমরা চাই বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। আমরা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নিজেরাই সিদ্ধান্ত নিতে চাই, অন্যদের কথা শুনে নয়। দেশের সংবিধান অনুযায়ী আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি।
তিনি আজ ২৮ নভেম্বর মঙ্গলবার ফেনীর ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জাসদ প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এখন পর্যন্ত নির্বাচন নিয়ে কোন শঙ্কা নেই। কারণ বিএনপি জামায়াত দেশে যেভাবে হরতাল অবরোধ দিচ্ছে এতে জনজীবনে কোন প্রভাব নেই। তবে কোথাও কোথাও বিএনপি জামায়াত সন্ত্রাস করছে। নাশকতা করছে। আমরা স্পষ্টত বলেছি এসমস্ত অপকর্মের মোকাবিলা করেই আমরা নির্বাচনের দিকে যাবো।
এসময় তিনি বলেন, সংবিধান সম্মত ব্যবস্থায় দেশে নির্বাচন হচ্ছে। নির্বাচন অংশগ্রহনমূলক ভাবে যাতে হয়, সেবিষয়ে আমরা বলছি। ইতোমধ্যে আওয়ামী লীগ, জাসদ ও জাতীয় পার্টি তারা তাদের প্রার্থী ঘোষণা করেছে। তারই অংশ হিসেবে আমি ফেনী-১ আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছি। জোটবদ্ধ নির্বাচনের বিষয়ে আমাদের মাঝে আলোচনা হচ্ছে, সমঝোতা হচ্ছে। মনোনয়ন ফরম জমা দেয়া শেষ হলে জোটবদ্ধ নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
এসময় জাসদের ফেনী জেলা সভাপতি নুরুল আমিন, ছাগলনাইয়া উপজেলা সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল হাই, সাধারণ সম্পাদক রেজাউল করিম সোহাগ, ডাক্তার অমিত মনোশিজ সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































